ওয়েব ডেস্ক : হোটেলে এক প্রাপ্তবয়স্ক যুগলের সঙ্গে পুলিশের কথোপকথন। আর সেই সময়েই এক যুবকের ব্যাগে গাঁজা ঢুকিয়ে তাঁকে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ দেওয়ার অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিওনি জেলার এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। অভিযুক্ত আধিকারিক অতিরিক্ত পুলিশ সুপার দীপক মিশ্র।
ঘটনাটি গত ১৩ নভেম্বরের বলে জানা গিয়েছে। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, হোটেলে এক অবিবাহিত যুগলের সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা। ওই তরুণী পুলিশকে জানান, তাঁরা দু’জনেই প্রাপ্তবয়স্ক। একই জাতির অন্তর্ভুক্ত এবং বিয়ে করার পরিকল্পনাও রয়েছে তাঁদের। কিন্তু পুলিশকর্মীরা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য চাপ দিতে থাকেন।
অভিযোগ, তরুণী নিজের মোবাইল ফোন খুলে পরিবারের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময়ই অতিরিক্ত পুলিশ সুপার দীপক মিশ্রকে সহকর্মীদের উদ্দেশে ওই যুবকের ব্যাগে গাঁজা রেখে দেওয়ার নির্দেশ দিতে শোনা যায়। ফুটেজে তাঁকে বলতে শোনা যাচ্ছে, যুবকের কাছে কিছু গাঁজা রেখে দাও।
আরও খবর : কুলগামে এনকাউন্টারে খতম লস্করের শীর্ষ কমান্ডার লতিফ ভাট, মসজিদের ভিতরে লুকিয়ে থেকেও শেষরক্ষা হল না
এই ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি করেছেন হোটেলের মালিক সঞ্জু সানোদিয়া। তাঁর অভিযোগ, স্থানীয় পুলিশ তাঁর কাছে প্রতি মাসে ২৫ হাজার টাকা দাবি করেছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় হোটেলে অভিযান চালানো হয়।
হোটেল মালিকের দাবি, কোতোয়ালি থানার টিআই সতীশ তিওয়ারি, এসডিওপি চঞ্চলেশ মার্কাম এবং ট্রাফিক ইনস্পেক্টর বিজয় বাঘেল তাঁর কাছে মাসিক টাকা দাবি করেছিলেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামনে আনতেই তিনি নিজে ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন বলেও জানিয়েছেন। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে পুলিশি হস্তক্ষেপ এবং মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।











