ওয়েব ডেস্ক : দলবদল করে এনসিপিআইয়ে (NCPI) যোগ দেওয়া ২০ সাংসদের সাংসদ পদ খারিজের দাবিতে দায়ের হওয়া মামলায় বড় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার কালীঘাট তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আবেদনের শুনানিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়-সহ ২০ জনকে নোটিস পাঠানোর নির্দেশ দিল শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি হবে দু’সপ্তাহ পর।
ছাব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের একাধিক সাংসদ দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ে (NCPI) যোগ দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে এনডিএ সরকারকে সমর্থনের কথাও জানান তাঁরা। সংসদে তাঁদের আসন অদলবদল হলেও এখনও এনসিপিআই সাংসদ হিসেবে ২০ জনের স্বীকৃতি মেলেনি। এই পরিস্থিতিতে দলবদল বিরোধী আইনের আওতায় তাঁদের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে প্রথমে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও খবর : পাটনায় নামার সময় এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা, অল্পের জন্য বড় বিপদ এড়াল ১৬৪ যাত্রী
মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটি ওঠে। অভিষেকের হয়ে সওয়াল করেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, অভিষেকের আবেদনের ভিত্তিতে লোকসভার স্পিকার ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছেন এবং সংশ্লিষ্ট ২০ সাংসদের বক্তব্য জানতে পৃথক নোটিসও পাঠানো হয়েছে।
দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, সময়ের মধ্যে মামলাটির নিষ্পত্তি হওয়া জরুরি। এরপরই মামলার সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। পরবর্তী শুনানি ২ সপ্তাহ পর।







