ওয়েব ডেস্ক : দুর্গাপুজো মিটতেই পুরভোটের (Municipal Poll) প্রস্তুতিতে গতি আনতে চাইছে বিজেপি (BJP)। কলকাতা ও হাওড়া পুরসভার প্রার্থী তালিকা নিয়ে এবার বড়সড় বৈঠকের সম্ভাবনা। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের উপস্থিতিতে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে আসন ও প্রার্থী বাছাই নিয়ে। সব ঠিক থাকলে অক্টোবরেই দুই পুরসভার প্রার্থী তালিকার প্রথম পর্ব ঘোষণা করতে পারে গেরুয়া শিবির।
বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছনোর কথা বনসলের। শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীপুজোর আগে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
আরও খবর : চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ২০২৭-এর পুজোর আগে আগাম প্রস্তুতির অঙ্গীকার মুখ্যমন্ত্রীর
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একাধিক দিক খতিয়ে দেখছে বিজেপি। সূত্রের খবর, তৃণমূলের টিকিটে জেতা কয়েক জন কাউন্সিলর বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের মধ্যে কেউ কেউ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথাও বলেছেন বলে খবর। তাঁদের মধ্যে কাউকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। অন্যদিকে, আগামী বছরের পুরভোটের কথা মাথায় রেখে অন্যান্য পুরসভাতেও সংগঠন সাজানোর কাজ শুরু করতে চাইছে দল।
পুরভোটের প্রস্তুতির পাশাপাশি সংগঠনেও রদবদলের সম্ভাবনা রয়েছে বিজেপিতে। রাঢ়বঙ্গ, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা-সহ অন্তত ১০টি সাংগঠনিক জেলার কমিটিতে পরিবর্তন হতে পারে বলে সূত্রের খবর।







