HomeScroll৭৬-এ মোদী, জন্মদিনে শুভেন্দুর শুভেচ্ছা! বাংলায় মাসভর ‘সেবা সংকল্প’, গঙ্গার ঘাটে প্রদীপ...
Narendra Modi-Suvendu Adhikari

৭৬-এ মোদী, জন্মদিনে শুভেন্দুর শুভেচ্ছা! বাংলায় মাসভর ‘সেবা সংকল্প’, গঙ্গার ঘাটে প্রদীপ থেকে ১০৮ মিটারের ‘ভারত মণ্ডল’

কলকাতা: ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৭ সেপ্টেম্বরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ থেকে ‘অন্নপূর্ণা দিবস’—বিভিন্ন কর্মসূচি ঘিরে ব্যস্ততা থাকবে রাজ্যে।

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কর্মনিষ্ঠা ও নেতৃত্বের প্রশংসা করে মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। ২০২৬ সালে মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্ণ হওয়ার বিষয়টিও রাজ্যের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে।

১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ‘সেবা সংকল্প অভিযান’। মাসজুড়ে চলার এই কর্মসূচিতে রক্তদান শিবির, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, পরিচ্ছন্নতা অভিযান, সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা তৈরি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের মতো উদ্যোগ থাকার কথা।

জন্মদিন উপলক্ষে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচিও রয়েছে। বাড়ি, প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থানে প্রদীপ জ্বালানোর আহ্বান জানানো হয়েছে। কলকাতায় সূর্যাস্তের পর গঙ্গার ঘাটে প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি বিভিন্ন সরকারি ও ঐতিহ্যবাহী ভবন এবং কালীঘাট মন্দির সাজানোর পরিকল্পনা রয়েছে।

এ দিনের অন্যতম আকর্ষণ হতে পারে ১০৮ মিটার দীর্ঘ ‘ভারত মণ্ডল’। প্রাকৃতিক উপকরণ দিয়ে এই বিশেষ রঙ্গোলি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাইক ও সাইকেল মিছিল, ‘সেবা যাত্রা’, ‘সেবাসেতু যাত্রা’ এবং ‘রঙ্গোলি যাত্রা’র মতো কর্মসূচির কথাও জানানো হয়েছে। স্কুল পড়ুয়াদের জন্য অঙ্কন, প্রবন্ধ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়াও ১৭ সেপ্টেম্বর পালিত হবে ‘অন্নপূর্ণা দিবস’। অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে বিভিন্ন জেলায় কর্মসূচি হবে।

তবে উপনির্বাচনের কারণে নন্দীগ্রাম ও রেজিনগরে সরকারি ভাবে কোনও অনুষ্ঠান হবে না। সেখানে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে বলে জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News