কোচবিহার: আসন্ন বিধানসভা নির্বাচনকে (West Bengal Legislative Assembly Election 2026) সামনে রেখে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই আবহেই বক্সিরহাটে যৌথ তল্লাশিতে বড়সড় সাফল্য পেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অসম-বাংলা সীমান্তে (Bengal-Assam Border) একটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ, আটক করা হয়েছে তিনজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বক্সিরহাটের জোরাই মোড় নাকা পয়েন্টে যৌথভাবে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেই সময় অসম থেকে পশ্চিমবঙ্গের দিকে আসা একটি কালো মাহিন্দ্রা থার (AR 01 Z 0900) গাড়িকে থামানো হয়। গাড়িতে চালক-সহ তিনজন ছিলেন।
আরও পড়ুন: ‘অভিমানী’ অসিতের পা ছুঁয়ে প্রণাম, দেবাংশুর সৌজন্যে মিটল দলের সঙ্গে দূরত্ব? দেখুন বড় খবর
তল্লাশি চালিয়ে গাড়ির ড্যাশবোর্ড থেকে একটি রিভলভার এবং ২৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্রের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তিনজনকেই সঙ্গে সঙ্গে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। ধৃতদের বাড়ি বিহারের মুজফ্ফরপুরে বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
নির্বাচনের মুখে এত পরিমাণ অস্ত্র ও গুলি নিয়ে কোথায় যাচ্ছিলেন ধৃতরা, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এর পেছনে বড়সড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তুফানগঞ্জ আদালতে তোলা হবে বলে খবর। এদিকে সীমান্তে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, আগামী দিনে আন্তঃরাজ্য সীমান্তে নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হবে।







