ওয়েব ডেস্ক: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন নৌটিয়াল (Jubin Nautiyal)। তবে বলিউডি (Bollywood) আড়ম্বর নয়, একেবারে নিভৃত আয়োজনেই বিয়ে সারলেন ‘বজরঙ্গি ভাইজান’ (Bajrangi Bhaijaan) খ্যাত গায়ক।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডেই ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন জুবিন। নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন তিনি, তাই এই বিশেষ দিনটিকেও রেখেছেন প্রচারের আলো থেকে দূরে। এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিয়ের কোনও ছবি বা আনুষ্ঠানিক ঘোষণা করেননি গায়ক।
আরও পড়ুন: প্রথম বিমান দেখা থেকে বিশ্বভ্রমণ! শাহরুখের দেহরক্ষীর জীবনে ‘বাদশাহ’ বদল
সবচেয়ে বড় প্রশ্ন, কে সেই পাত্রী? সূত্রের খবর, তিনি গ্ল্যামার জগতের কেউ নন। দীর্ঘদিন ধরেই জুবিনের সঙ্গে সম্পর্কে ছিলেন, শৈশবের সেই ভালবাসাকেই বিয়ের মাধ্যমে পূর্ণতা দিয়েছেন গায়ক। উত্তরাখণ্ডের ছেলে জুবিন, তাই জীবনের এই নতুন শুরুটাও নিজের শিকড়েই করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।
কেরিয়ারের দিকে তাকালে, ২০০-র বেশি গান গেয়ে ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। ‘কুছ তো বতা জিন্দেগি’ গান থেকে শুরু করে একের পর এক হিট, আজ তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় কণ্ঠ। ব্যক্তিগত জীবনে বড় সিদ্ধান্ত নিলেও, নিজের স্বভাবসিদ্ধ নির্জনতাকেই বেছে নিলেন জুবিন, আর সেই কারণেই তাঁর বিয়ে এখন রহস্যে মোড়া!







