কলকাতা: রাজ্যে পরিচ্ছন্নতা নিয়ে কড়া পদক্ষেপের পথে নগরোন্নয়ন দফতর (Urban Development Department)। আগামী ৩০ মে থেকে চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’ (Swacch App)। রাস্তাঘাটে ময়লা ফেলা, থুতু ফেলা থেকে শুরু করে প্রকাশ্যে প্রস্রাব, সব ক্ষেত্রেই জরিমানার মুখে পড়তে হবে সাধারণ মানুষকে। যদিও নিয়ম কার্যকর করার আগে সচেতনতার জন্য তিন মাস সময় দিচ্ছে সরকার।
বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, প্রশাসক পরিচালিত পুরসভাগুলিতে প্রথমে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু হবে। প্রাথমিকভাবে ১০টি পুরসভায় ‘স্বচ্ছ অ্যাপ’ চালু করা হচ্ছে। তাঁর কথায়, “যদি কেউ রাস্তায় ময়লা ফেলেন, চিপসের প্যাকেট ছুড়ে দেন, থুতু ফেলেন, তা হলে জরিমানা করা হবে। এমনকি প্রকাশ্যে প্রস্রাব করলেও ফাইন দিতে হবে।”
আরও পড়ুন: হাকিমপুর সীমান্তে আজও ভিড় বাংলাদেশিদের, ১০০ জনকে BGB’র হাতে তুলে দিল BSF
নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, সেপ্টেম্বর মাস থেকে আনুষ্ঠানিক ভাবে ‘ওয়েস্ট ফাইন’ চালু হবে। তার আগে আগামী তিন মাস জুড়ে চলবে সচেতনতা প্রচার। শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিন বসানো হবে। পরিকল্পনা অনুযায়ী, গোটা রাজ্যে প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়াও প্রত্যেক বাসে রাখা হবে বিশেষ ওয়েস্ট ব্যাগ, যাতে যাত্রীরা আবর্জনা ফেলতে পারেন। নতুন ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমে নাগরিকেরা পৌর এলাকার নিয়মকানুন জানতে পারবেন। পাশাপাশি, কোথাও আবর্জনা পড়ে থাকতে দেখলে তার ছবি তুলে সরাসরি অভিযোগও জানানো যাবে অ্যাপের মাধ্যমে।
এদিন অগ্নিমিত্রা পাল ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, প্রকল্পের ফর্ম অফলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা ও ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরাও বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন বলে জানিয়েছেন মন্ত্রী।







