ওয়েব ডেস্ক : সাফাই করতে গিয়ে হঠাৎ চোখে পড়ল একটি চিরকুট। আর তাতেই শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে (Dumdum Airport) ছড়াল বোমাতঙ্ক। মহিলাদের শৌচালয়ে পড়ে থাকা ওই কাগজে লেখা ছিল, ৩০ নম্বর গেটে বোমা রাখা রয়েছে। চিরকুটটি সামনে আসতেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর হয়ে ওঠেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
খবর দেওয়া হয় বিমানবন্দর থানা, সিআইএসএফ এবং বম্ব স্কোয়াডকে। এরপর নির্দিষ্ট গেটের পাশাপাশি বিমানবন্দরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। তবে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে সূত্রের খবর।
আরও খবর : ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘিরে বাড়ছে উদ্বেগ
কাগজের টুকরোটি কে সেখানে রেখে গেল, কেনই বা এমন হুমকি দেওয়া হল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। যে কর্মীরা চিরকুটটি দেখতে পেয়েছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
বিমানবন্দরে এই ধরনের হুমকির ঘটনা অবশ্য নতুন নয়। গত ৮ অক্টোবর বোমা রাখার দাবি করে একটি হুমকি মেল এসেছিল কলকাতা বিমানবন্দরে। সেই ঘটনায়ও তল্লাশি চালানো হয়েছিল, যদিও কোনও বিস্ফোরক মেলেনি। শুক্রবারের চিরকুটের সঙ্গে আগের ঘটনার কোনও সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।







