ওয়েব ডেস্ক : সপ্তম বেতন কমিশনকে (7th Pay Commission) ঘিরে রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। নিজেদের বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে মতামত ও দাবি জানানোর সময়সীমা বাড়ানো হল। এবার আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কমিশনের কাছে প্রস্তাব জমা দিতে পারবেন রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তরা। শুক্রবার এই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সপ্তম বেতন কমিশন।
প্রাথমিকভাবে গত ২ সেপ্টেম্বর কর্মী ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে মতামত চেয়েছিল সপ্তম বেতন কমিশন। কিন্তু পরবর্তী সময়ে কমিশনের আওতাভুক্ত কর্মী ও প্রতিষ্ঠানের তালিকায় পরিবর্তন আসে। গত ৫ নভেম্বর অর্থ দপ্তরের তরফে জারি করা দু’টি পৃথক বিজ্ঞপ্তিতে নতুন কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে কমিশনের আওতা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তও জানানো হয়। নতুন করে অন্তর্ভুক্ত হওয়া কর্মীদের মতামত জানানোর সুযোগ করে দিতেই সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
অর্থ দফতরের প্রথম বিজ্ঞপ্তিতে রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মী এবং তিনটি শিক্ষা বোর্ডের কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনার দায়িত্ব কমিশনের হাতে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ১৪টি উন্নয়ন পর্ষদ-সহ আরও কয়েকটি সংস্থাকে কমিশনের আওতায় আনা হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
নতুন করে অন্তর্ভুক্ত সংস্থাগুলির কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের পাশাপাশি বিভিন্ন কর্মচারী সংগঠনও সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল। সেই আবেদন বিবেচনা করেই ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রস্তাব জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মও বেঁধে দিয়েছে কমিশন। 7spc.wb.gov.in ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউলের মাধ্যমেই স্মারকলিপি ও মতামত পাঠাতে হবে। ডাকযোগে হার্ড কপি, পিডিএফ ফাইল কিংবা ইমেলের মাধ্যমে পাঠানো কোনও প্রস্তাব গ্রহণ করা হবে না।







