ওয়েব ডেস্ক : ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan) মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে ওড়িশা সরকার। উপকূলে আছড়ে পড়ার আগেই নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ১ লক্ষেরও বেশি মানুষকে। তৈরি রাখা হয়েছে ৯,২৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। উদ্ধার ও জরুরি পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে ৩০৫টি দল। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে একাধিক জেলায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
ওড়িশার মুখ্যসচিব অনু গর্গ জানিয়েছেন, এখনও পর্যন্ত ১ লক্ষ ৫ হাজার ৩০৪ জনকে সরিয়ে ১,২২৪টি ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। গঞ্জামে সরানো হয়েছে ৪৫ হাজার ৩৬৪ জনকে। গজপতিতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ১৮ হাজার মানুষকে। আশ্রয়কেন্দ্রগুলিতে রান্না করা খাবার, শুকনো খাবার, পানীয় জল, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে। শিশুদের জন্যও রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা। প্রসবের সম্ভাবনা রয়েছে, এমন অন্তঃসত্ত্বা মহিলাদের কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের ১২ টার মধ্যে মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের নরসাপুর ও পুরীর মধ্যবর্তী এলাকায়, গোপালপুরের পূর্ব দিক ঘেঁষে স্থলভাগে প্রবেশ করতে পারে আকভান। সেই সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটারে। ইতিমধ্যেই ওড়িশার উপকূলবর্তী ও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগোলে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্রের অধিকর্তা মনোরমা মহান্তি।
আরও খবর : অবসরের পর এককালীন নয়, কিস্তিতে মিলবে পিএফের টাকা! নতুন সুবিধা আনছে ইপিএফও
বিপর্যয় মোকাবিলায় ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সের ৬০টি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৪টি এবং দমকল ও জরুরি পরিষেবার ১৩১টি দল নামানো হয়েছে। ঝড়ের জেরে রাস্তা বন্ধ হয়ে গেলে দ্রুত গাছ সরানোর জন্য আরও ১০০টি দল প্রস্তুত রেখেছে ওড়িশা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। পাশাপাশি, পাঁচ জেলার ৯৪১টি এলাকাকে ভূমিধসের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাহাড়ের উপরে ও পাদদেশে থাকা গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানো হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, এমন এলাকায় অতিরিক্ত স্যাটেলাইট ফোন ও মোবাইল যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।
পর্যটকদের গোপালপুর, পুরী, সতপাড়া ও চিলিকার মতো উপকূলীয় এলাকায় যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে সমুদ্রে ছিলেন, তাঁদের ফিরিয়ে আনা হয়েছে। প্রয়োজনে হেলিকপ্টার ও ক্রেন ব্যবহারের প্রস্তুতিও রয়েছে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে অভিজ্ঞ উচ্চপদস্থ আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে। অন্যদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার বিশাখাপত্তনম ও কোরাপুটের মধ্যে চলাচলকারী দু’টি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ।
আবহাওয়া দফতর পুরী, গঞ্জাম, গজপতি, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া ও কন্ধমাল জেলায় লাল সতর্কতা জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। গঞ্জাম ও পুরীর নিচু এলাকায় জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে ০.৫ থেকে ১ মিটার বেশি জল উঠে প্লাবনের আশঙ্কাও রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।







