কলকাতা: সিনেপ্রেমীদের কাছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এক আবেগের নাম। রুপোলি পর্দার এই ‘মহাগুরু’র জীবন যেন আস্ত এক সিনেমার গল্প। এই কিংবদন্তির জীবন নিয়ে কেন এখনও কোনও সিনেমা তৈরি হল না? এই প্রশ্নটাই এবার তুলে দিলেন বিখ্যাত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তা। তাহলে মিঠুনকে নিয়ে বায়োপিক (Mithun Chakraborty Biopic) কী আসছে? পরিচালকের পোস্টে উত্তাপ বাড়ছে নেটপাড়ায়…
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে তৈরি ‘মাইকেল’ সিনেমা মুক্তির পর বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় উঠে এসেছে কিংবদন্তিদের অজানা লড়াই, সাফল্য আর সংগ্রামের গল্প।যদি মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে সিনেমা হতে পারে, তাহলে মিঠুন চক্রবর্তীর জীবন নিয়ে বায়োপিক অনেক আগেই তৈরি হওয়া উচিত ছিল এমনই প্রশ্ন তুললেন পরিচালক সঞ্জয় গুপ্তা। মিঠুনের জীবনটা যেন নিজেই এক সিনেমার চিত্রনাট্য। কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মানো গৌরাঙ্গ চক্রবর্তী কীভাবে বিশ্বমঞ্চে নিজের নাম খোদাই করলেন, সেই লড়াই আজও অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি থেকে স্কুলজীবন শেষ করে স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নে স্নাতক হন তিনি। কিন্তু মনের মধ্যে লুকিয়ে ছিল অভিনয়ের অদম্য খিদে।সেই টান থেকেই পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (FTII)-এ পা রাখা।
আরও পড়ুন: সাদা-কালো ছবিতে মনের কথা তুলে ধরলেন দেব
তবে মুম্বইয়ের মাটি এই নবাগতের জন্য মোটেও সহজ ছিল না।দিনের পর দিন কেটেছে ফুটপাথে, সহ্য করতে হয়েছে চরম দারিদ্র্য ও বর্ণবিদ্বেষ। গায়ের রঙের জন্য শুনতে হয়েছে, তিনি নাকি ‘নায়ক’ হওয়ার যোগ্যই নন!জেদের কাছে পরিস্থিতি হার মানতে বাধ্য। ১৯৭৬ সালে পরিচালক মৃণাল সেনের বাংলা ছবি ‘মৃগয়া’-র মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম ছবিতেই এমন অভিনয় করলেন যে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান চলে এল তাঁর ঝুলিতে। নতুন একজন অভিনেতার পক্ষে যা প্রায় অকল্পনীয়।
কলকাতা থেকে সুপারস্টারডমে তার উত্থানকে পর্দায় তুলে ধরতে যুক্তি দিয়ে বোঝালেন পরিচালক। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এমন এক তারকা আমাদের দেশেও আছেন, যার গল্প দর্শকদের জানার অধিকার রয়েছে। সংগ্রাম, ত্যাগ, প্রত্যাখ্যান, স্বপ্ন আর সুপারস্টার হয়ে ওঠার সেই গল্পের নাম মিঠুন চক্রবর্তী।সঞ্জয় গুপ্তার এই মন্তব্যের পর অনুরাগীদের মনেও এখন একটাই প্রশ্ন, বড় পর্দায় মহাগুরুর জীবনের গল্প কবে দেখা যাবে?
Just like MICHAEL, we have a star whose story demands to be told.
Struggle. Sacrifice. Superstardom.
A kid from Calcutta who had nothing but hunger and rhythm.
Mithun Chakraborty.
Mithun Da — your biopic is long overdue.— Sanjay Gupta (@_SanjayGupta) June 8, 2026







