ওয়েব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগে হোয়াইট হাউসের সামনে থেকে গ্রেপ্তার করা হল এক ভেনেজুয়েলার যুবককে। ২৬ বছর বয়সি ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও প্রচুর গোলাবারুদ। একটি সন্দেহজনক ট্রাকের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটনে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়মমাফিক টহল দেওয়ার সময় হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হয় আধিকারিকদের। এরপর গাড়ির কাছে গিয়ে ভিতরে এক যুবককে দেখতে পান তাঁরা। ওই যুবককে জিজ্ঞাসা করা হয়, সে কোনও বিপদের আশঙ্কা করছে কি না অথবা তার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে কি না। জবাবে সে জানায়, কেউ তাকে খুন করতে পারে, সেই আশঙ্কা থেকেই অস্ত্র সঙ্গে রেখেছে।
এরপর নিজেই একটি খয়েরি রঙের ব্যাগের দিকে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত। ব্যাগ খুলতেই উদ্ধার হয় একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল এবং একটি এআর-১৫ রাইফেল। পাশাপাশি পাওয়া যায় প্রচুর গুলি। তদন্তে আরও জানা যায়, ওই ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত দাবি করে, তার মস্তিষ্কের ভিতর থেকে নির্দেশ এসেছিল ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পকে হত্যা করার। গুগল ট্রান্সলেটরের সাহায্যে পুলিশের সঙ্গে কথা বলছিল সে। যদিও তার এই দাবির সত্যতা এবং ঘটনার নেপথ্যে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। আপাতত সে পুলিশি হেফাজতে রয়েছে। হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয়ের কাছে কীভাবে এত অস্ত্র নিয়ে ওই যুবক পৌঁছল, তা নিয়েও তদন্ত চলছে।







