কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিকেল ৫.৪০ মিনিটে ভবানী ভবনে (Bhawani Bhawan) পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সই জাল কাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। প্রথমে সরাসরি দফতরে ঢুকে গিয়েছিলেন। পরে বেরিয়ে আবার যান প্রধান ফটকের দিকে। সেখানে উপস্থিতির নথিতে তাঁকে সই করতে হয়। তার পর আবার দফতরে প্রবেশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বিকেলেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবনে না গিয়ে প্রথমে কালীঘাটে নিজের বাড়িতে পৌঁছন তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ৷
২১ দিনের রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে অভিষেককে সিআইডি দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। বৃহস্পতিবারই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক। বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নামে। তাঁকে দেখা মাত্রই ওঠে চোর স্লোগান। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তেমনই অভিষেকের সমর্থক, তৃণমূল ছাত্রপরিষদের তরফে ‘জিন্দাবাদ’ স্লোগানও ওঠে। সেই সময় একেবারে ঠেলাঠেলি শুরু হয়। কার্যত সুরক্ষা বলয় তৈরি করে গাড়িতে তুলে দেওয়া হয় অভিষেককে। বিমানবন্দর থেকে সোজা ভবানীভবন যাননি অভিষেক। বরং কালীঘাট রোজের বাড়িতে ঢোকেন তিনি।বিকেল পৌনে ৬টা নাগাদ অভিষেক আবার বাড়ি থেকে বেরোন এবং সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছে যান।
আরও পড়ুন: কলকাতায় ফিরে কালীঘাটের বাড়িতে গেলেন অভিষেক! বিমানবন্দরে উঠল চোর স্লোগান
অন্যদিকে অভিষেক গেলে ভবানী ভবনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেই আশঙ্কা থেকে বিকেলে ভবানী ভবনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করেছেন সিআইডি কর্তৃপক্ষ। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের দফতরের সামনে রয়েছে অতিরিক্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। রয়েছে র্যাফ। অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় রাখা হয়েছে কাঁদানে গ্যাসও।






