ওয়েব ডেস্ক : হিজাব ছাড়া অনলাইন কনসার্টে গান গাওয়ার অভিযোগে ৭৪ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে ইরানের জনপ্রিয় গায়িকা পারাস্তু আহমেদিকে (Parastoo Ahmadi)। শুধু তিনিই নন, একই মামলায় তাঁর প্রযোজনা দলের আরও আট সদস্যকেও একই শাস্তির নির্দেশ দিয়েছে ইরানের (Iran) আদালত! ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
জানা গিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে একটি লাইভ কনসার্ট সম্প্রচার করেছিলেন ওই গায়িকা (Singer)। সেখানে তিনি হিজাব ছাড়া, খোলা চুলে এবং হাতাকাটা কালো পোশাকে চারজন পুরুষ সঙ্গীতশিল্পীর সঙ্গে গান গেয়েছিলেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ তা দেখেন। এরপরই ওই কনসার্টকে কেন্দ্র করে গায়িকা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ, তাঁরা এমন কনটেন্ট তৈরি ও প্রকাশ করেছেন যা ইরানের আইন অনুযায়ী ‘অশ্লীল’, ‘অনৈতিক’ এবং ‘জনশালীনতার পরিপন্থী’।
সংবাদমাধ্যমের হাতে আসা আদালতের নথি বলছে, পারাস্তু আহমেদি (Parastoo Ahmadi) ও তাঁর দলের সদস্যদের ৭৪ বেত্রাঘাতের পাশাপাশি দু’বছরের জন্য দেশ ছাড়া এবং শিল্পী হিসাবে পারফর্মও করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এখনও সরকারিভাবে এই সাজার খবর ঘোষণা করা হয়নি।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। বলা হয়েছে, শুধুমাত্র গান গাওয়া এবং হিজাব না পরার জন্য এমন শাস্তি ইরানে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে। এক আইনজীবী বলেছেন, ইরানের আইনে মহিলাদের গান গাওয়া বা সঙ্গীত পরিবেশন করাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়নি। তাই এই ধরনের শাস্তি শুধু দেশের আইনের প্রশ্ন নয়, আন্তর্জাতিক মানবাধিকার ও নির্যাতনবিরোধী চুক্তিরও লঙ্ঘন।
উল্লেখ্য, কনসার্টটি প্রকাশের কিছুদিন পর পারাস্তু আহমেদি (Parastoo Ahmadi) ও তাঁর কয়েকজন সহশিল্পীকে আটক করা হয়েছিল। পরে তাঁরা মুক্তি পেলেও তাঁদের বিরুদ্ধে মামলা চলতে থাকে। সেই মামলাতেই এবার ৭৪ বেত্রাঘাত-সহ একাধিক শাস্তির নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
দেখুন অন্য খবর :