কলকাতা: রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে বড় বার্তা দিল কেন্দ্র। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে এবং ৬০ হাজার কোটি টাকার একটি বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই উপলক্ষে পাঠানো পাঁচ পাতার চিঠিতে বাংলার ঐতিহ্য, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার বিষয়েও বিস্তারিত উল্লেখ করেন।
আরও পড়ুন: রাজধানী শিশু পাচার চক্রের রমরমা, গ্রেফতার ১৩
চিঠিতে মোদি জানান, জল জীবন মিশন এবং বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া রেল পরিষেবা ও অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এর পাশাপাশি আরও ৬০ হাজার কোটি টাকার বরাদ্দের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নে সবরকম সহযোগিতা করবে। তাঁর মতে, রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, শিল্পোন্নয়ন ত্বরান্বিত করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা করা এবং পণ্য পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করা প্রয়োজন।
চিঠিতে পশ্চিমবঙ্গের সম্ভাবনাময় ক্ষেত্রগুলির কথাও উল্লেখ করেছেন মোদি। তাঁর মতে, মৎস্যচাষ, খাদ্য প্রক্রিয়াকরণ, বন্দরভিত্তিক শিল্প, বস্ত্রশিল্প, পর্যটন এবং ডিজিটাল অর্থনীতি আগামী দিনে রাজ্যের প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান তাকে বাণিজ্য ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে পরিণত করতে পারে। কৃষকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন সরকারের অধীনে কৃষি ও গ্রামীণ অর্থনীতির আরও উন্নয়ন হবে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে প্রধানমন্ত্রী বারবার ‘ডবল ইঞ্জিন সরকার’-এর সুবিধার কথা তুলে ধরেছিলেন। কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়নমূলক কাজের গতি বাড়বে বলেও দাবি করেছিলেন তিনি। সেই প্রেক্ষাপটে বাজেটের আগে কেন্দ্রের এই আর্থিক সহায়তার বার্তা রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।







