ওয়েব ডেস্ক : সদ্য শুরু হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের সংরক্ষণ সংক্রান্ত জটিলতা। ওবিসি বিভাগে আবেদন করা প্রার্থীদের সাধারণ বিভাগে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন প্রায় ১০০ জন চাকরিপ্রার্থী। তাঁদের প্রশ্ন, সংরক্ষিত বিভাগের সুবিধা না চাইলেও কেন সাধারণ বিভাগের প্রার্থী হিসেবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হবে না? এই পরিস্থিতিতে নিয়োগের সুযোগ হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন মামলাকারীরা।
আবেদনকারীদের বক্তব্য, তাঁরা আগে ওবিসি বিভাগে আবেদন করেছিলেন এবং সেই বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের সাধারণ বিভাগের প্রার্থী হিসেবে সুযোগ দেওয়া হচ্ছে না। মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আদালতে জানান, তাঁর মক্কেলরা কোনও সংরক্ষণের সুবিধা দাবি করছেন না। শুধুমাত্র সাধারণ বিভাগের যোগ্য প্রার্থী হিসেবে আবেদন করার সুযোগ চাইছেন।
আরও খবর : উৎসবের মরসুমে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভাইফোঁটায় ভিজবে বাংলা? কী বলছে হাওয়া অফিস
অন্যদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর স্যান্যালের যুক্তি, সাধারণ বিভাগে যোগ্যতা অর্জনের জন্য ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। সংশ্লিষ্ট আবেদনকারীদের সেই নম্বর নেই। ফলে তাঁদের সাধারণ বিভাগের প্রার্থী হিসেবে সুযোগ দেওয়ার প্রশ্নে আপত্তি জানিয়েছে পর্ষদ। দুই পক্ষের বক্তব্যে মূলত যোগ্যতার নম্বর এবং বিভাগ পরিবর্তনের সুযোগ নিয়েই আইনি বিতর্ক তৈরি হয়েছে। এদিকে, শুক্রবারের আগে নিয়োগ সংক্রান্ত কোনও ইন্টারভিউ নির্ধারিত না থাকায় সেদিন ফের মামলার শুনানি হবে।







