HomeBig newsকালীপুজোয় শব্দবাজির দাপট, কলকাতায় পুলিশের বড় অভিযান! গ্রেফতার ৫৯২, বাজেয়াপ্ত ২৩৮ কেজি...
Kali Puja

কালীপুজোয় শব্দবাজির দাপট, কলকাতায় পুলিশের বড় অভিযান! গ্রেফতার ৫৯২, বাজেয়াপ্ত ২৩৮ কেজি বাজি

নিষিদ্ধ শব্দবাজি ফাটানো ও বিশৃঙ্খলার অভিযোগে ধরপাকড়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং ট্র্যাফিক আইন ভাঙার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের।

ওয়েব ডেস্ক : কালীপুজোর (Kali Puja) রাতে নিষিদ্ধ শব্দবাজির (Firecrackers) দাপট ঠেকাতে কলকাতা পুলিশের অভিযানে গ্রেফতার হলেন মোট ৫৯২ জন। এর মধ্যে শব্দবাজি ফাটানোর অভিযোগে ২০৫ জন এবং বিশৃঙ্খল আচরণের জন্য ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ শব্দবাজি। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৬ লিটার বেআইনি মদ। নিষেধাজ্ঞা সত্ত্বেও রাতভর বাজির শব্দে অতিষ্ঠ হয়েছেন শহরবাসী। দূষণ পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শুধু শব্দবাজি নয়, উৎসবের রাতে যান চলাচলের উপরেও নজরদারি চালিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ৩৩২টি এবং পিছনের আসনে হেলমেট না থাকার কারণে ১২২টি মামলা করা হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে ৭৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ধরা পড়েছেন আরও ৬৪ জন। রবিবার ট্র্যাফিক আইন লঙ্ঘনের ঘটনায় মোট ৫৯৩টি মামলা হয়েছে।

আরও খবর :  প্রাথমিক শিক্ষক নিয়োগ, ফের ‘ওবিসি‘ জট, মামলা হইকোর্টে

কালীপুজোর আগে থেকেই শব্দদূষণ ও অনভিপ্রেত ঘটনা রুখতে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছিল। কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজি-সহ শীর্ষ আধিকারিকদের বৈঠকে ফানুস ওড়ানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই নির্দেশ মেনে শহরে ঐতিহ্যবাহী ফানুস ওড়ানো হয়নি। খোলা বাজারে ফানুস বিক্রিতেও নিষেধাজ্ঞা ছিল। যদিও অভিযোগ, কিছু এলাকায় গোপনে ফানুস বিক্রি হয়েছে। পুলিশি নজরদারিতে একাধিক জায়গা থেকে ফানুস উদ্ধারও করা হয়।

অন্যদিকে, বাজি বাজারের বাইরে নিষিদ্ধ বাজি বিক্রি আটকাতেও অভিযান চালানো হয়েছে। তবুও শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News