ওয়েব ডেস্ক : দীপাবলির পর দিল্লির বায়ুদূষণ (Delhi Pollution) ভয়াবহ আকার নিতেই রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে রাজধানীতে। দূষণের জন্য পাঞ্জাবে খড়কুটো পোড়ানোর ঘটনাকে দায়ী করে আম আদমি পার্টির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন দিল্লির মন্ত্রী তথা বিজেপি নেতা কপিল মিশ্র। তাঁর দাবি, পরিকল্পিতভাবে পাঞ্জাবে কৃষিজমিতে আগুন লাগানো হচ্ছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও (Arvinf Kejriwal) গ্রেফতার হতে পারেন।অন্যদিকে, দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং বায়ুর গুণমান সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ তুলে বিজেপি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস ও আপ।
দীপাবলির রাতের পর দিল্লি ও সংলগ্ন এলাকায় ঘন ধোঁয়াশার চাদর তৈরি হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, রবিবার রাত ১১টা ৫ মিনিটে দিল্লির সামগ্রিক বায়ুর গুণমান সূচক বা একিউআই (AQI) পৌঁছয় ৩৭৩-এ। একাধিক এলাকায় সেই মাত্রা ৪০০ ছাড়িয়ে যায়। আলিপুর, বাওয়ানা, বুরারি, চাঁদনি চক, মুন্ডকা, পাঞ্জাবি বাগ, রোহিণী এবং বিবেক বিহারের পরিস্থিতি ছিল উদ্বেগজনক। পাশাপাশি কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা বাড়ার সময় সরাসরি তথ্য দেখানো বন্ধ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
আরও খবর : দীপাবলির মুহুরত ট্রেডিংয়ে মিশ্র ফল! বাড়ল সেনসেক্স, ২৫ হাজারের উপরে নিফটি
কপিল মিশ্র দাবি করেছেন, পাঞ্জাবের মালৌট, আবোহর এবং সঙ্গরুরে দূষণের মাত্রা অত্যন্ত বেশি। তাঁর অভিযোগ, আপের নেতা ও বিধায়কদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। এমনকী তাঁদের ফোনের তথ্য পরীক্ষা করারও দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেছেন, দিল্লির একাধিক দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রে পিএম ২.৫-এর তথ্য পাওয়া যায়নি। তাঁর প্রশ্ন, দূষণের প্রকৃত মাত্রা কি আড়াল করা হচ্ছে? আপ নেতা সৌরভ ভরদ্বাজও সরকারের বিরুদ্ধে বায়ুদূষণের তথ্য নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন। পাল্টা বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল দাবি করেছেন, বিরোধীরা হিন্দু উৎসব এলেই দূষণ নিয়ে সরব হয়। তাঁর বক্তব্য, দিল্লিতে দীর্ঘদিন ক্ষমতায় থেকেও কংগ্রেস ও আপ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ করেনি। এদিকে, দীপাবলির আগে থেকেই দিল্লিতে দূষণ মোকাবিলায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ কার্যকর ছিল। কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাময়িকভাবে দূষণ কমলেও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য দূষণের উৎস নিয়ন্ত্রণ জরুরি।







