ওয়েব ডেস্ক : সোমবার সকালেই বড়সড় জল বিপর্যয়ের সাক্ষী থাকল উত্তর কলকাতা। টালা (Tala) রেলস্টেশনের কাছে টালা ব্রিজের নীচে আচমকা ফেটে গেল পানীয় জলের একটি বিশাল পাইপলাইন। সকাল সাড়ে ৮টা নাগাদ বিকট শব্দের পর পাইপ থেকে প্রবল বেগে জল বেরোতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই আশপাশের রাস্তায় জল জমে যায়। বিশেষ করে বনমালী সরকার স্ট্রিটে জল দাঁড়িয়ে যাওয়ায় সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
পুরসভা সূত্রে খবর, টালা রেল ইয়ার্ডের ভিতর দিয়ে যাওয়া প্রায় ৭২ ইঞ্চি ব্যাসের একটি পুরনো পাইপে ফাটল ধরেছে। ব্রিটিশ আমলের এই পাইপলাইন টালা জলাধার থেকে শহরের বিভিন্ন এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এই বিপর্যয়ের জেরে জল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে বিকল্প পাইপলাইন চালু থাকায় সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়নি বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ।
আরও খবর : কালীপুজোয় শব্দবাজির দাপট, কলকাতায় পুলিশের বড় অভিযান! গ্রেফতার ৫৯২, বাজেয়াপ্ত ২৩৮ কেজি বাজি
জল জমে যাওয়ায় বনমালী সরকার স্ট্রিটে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার ও মেরামতি বিভাগের কর্মীরা। জমা জল বের করার জন্য পাম্প বসানো হয়েছে। পুর প্রশাসক স্মিতা পাণ্ডেও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করে দ্রুত মেরামতির নির্দেশ দিয়েছেন। কী কারণে এত পুরনো পাইপলাইনে ফাটল ধরল, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।







