ওয়েব ডেস্ক : দীপাবলির আনন্দ মুহূর্তে পরিণত হল শোকে। বাজি ফাটাতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের এক শিশুর। ঘটনাটি দিল্লির (Delhi) নরেলা এলাকার। মৃত শিশুর নাম ঋষি। রবিবার রাতে পরিবারের সঙ্গে বাজি পোড়ানোর সময় দুর্ঘটনার শিকার হয় সে। অভিযোগ, আকাশে ওড়ার পরিবর্তে একটি রকেট বাজি সোজা গিয়ে আঘাত করে তার বুকে। গুরুতর আহত অবস্থায় তাকে সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার। ঋষির দাদা মোহিতের অভিযোগ, জরুরি অবস্থাতেও চিকিৎসকেরা দ্রুত তাঁর ভাইয়ের কাছে পৌঁছননি। তাঁর দাবি, চিকিৎসায় প্রয়োজনীয় তৎপরতা দেখা যায়নি। অন্যদিকে, হাসপাতালে পৌঁছে ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন ঋষির বাবা। সেই সময় পরিবারের সদস্যদের ব্যস্ততার সুযোগে শিশুর দেহ সরিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন মোহিত।
আরও খবর : একিউআই ৪০০ পার একাধিক এলাকায়! দিল্লির দূষণ নিয়ে এবার সরাসরি কেজরিওয়ালকে নিশানা বিজেপির
ঋষির মা অঞ্জলির দাবি, প্রদীপের মতো দেখতে বাজি এবং রকেট ফাটানোর সময় দুর্ঘটনাটি ঘটে। একটি বাজি পিছন দিক থেকে এসে ছেলের বুকে আঘাত করে। আহত অবস্থায় ঋষি তখনও শ্বাস নিচ্ছিল বলে দাবি পরিবারের। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও উপযুক্ত চিকিৎসা মেলেনি বলে অভিযোগ। তবে চিকিৎসায় গাফিলতির এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
এদিকে, দীপাবলির রাতে দিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, উৎসবের দিন মোট ২৫৭টি জরুরি ফোন আসে। তার মধ্যে ২১৪টি ছিল আগুন লাগার ঘটনা সংক্রান্ত। ২৪টি ফোন বাজি থেকে আগুন লাগার অভিযোগে করা হয়। রাত ৮টা থেকে ১০টার মধ্যে সবচেয়ে বেশি ৮৫টি ফোন আসে। রাত ১০টা থেকে ১২টার মধ্যে আরও ৬১টি ফোন আসে। আগুন নেভানোর কাজে গিয়ে পাঁচ জন দমকলকর্মীও আহত হয়েছেন।







