ওয়েব ডেস্ক : মাঠে ব্যাট হাতে দায়িত্ব সামলানোর পাশাপাশি মাঠের বাইরেও নজর কাড়লেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের পর নিজের পাওয়া ‘গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ’ পুরস্কারের স্মার্টফোন এক ম্যাচ আধিকারিককে উপহার দিলেন তিনি। রাহুলের এই অপ্রত্যাশিত উপহারে স্বাভাবিকভাবেই বিস্মিত ওই আধিকারিক। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশ করা একটি ভিডিওতে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। রাহুলের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়েছে ক্রিকেট মহল।
বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিওতে ওই আধিকারিককে বলতে শোনা যায়, রাহুল তাঁকে নিজের পুরস্কারের ফোনটি দিয়েছেন। এমন কিছু তিনি একেবারেই আশা করেননি। ক্রিকেটারের এই আচরণে তিনি যথেষ্ট আপ্লুত বলেও জানান। ম্যাচের পুরস্কার হাতে পাওয়ার পর সেটি নিজের কাছে না রেখে অন্যের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ নতুন করে আলোচনায় এনেছে ভারতীয় ব্যাটারকে।
Big player. Bigger heart 💙
🎥 An act of kindness and pure 𝙆𝙇𝙖𝙨𝙨 🙌
#TeamIndia | #NZvIND | @klrahul https://t.co/BgT005WZlp
— BCCI (@BCCI) November 8, 2026
আরও খবর : ওয়েলিংটনে ৪ রানের নাটকীয় জয় ভারতের, ডিএলএস পদ্ধতিতে হারল নিউজিল্যান্ড
রাহুলের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ও ভিডিও প্রকাশ করে বিসিসিআই লিখেছে, বড় খেলোয়াড়ের হৃদয়ও বড়। নিঃস্বার্থ এই আচরণই তাঁর বিশেষ পরিচয়। ক্রিকেট বোর্ডের এই বার্তার পর রাহুলের প্রশংসায় সরব হয়েছেন অনুরাগীরাও।
এদিকে মাঠের লড়াইয়েও নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। শনিবার ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪ রানে জয় পায় ভারত। আগামী ১০ নভেম্বর হ্যামিল্টনে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।







