HomeScrollবৃষ্টির ধাক্কায় নিউ ফরাক্কায় বসে গেল রেললাইনের মাটি, থমকে উত্তরবঙ্গের একাধিক ট্রেন
New Farakka

বৃষ্টির ধাক্কায় নিউ ফরাক্কায় বসে গেল রেললাইনের মাটি, থমকে উত্তরবঙ্গের একাধিক ট্রেন

দীর্ঘক্ষণ আটকে যাত্রীবাহী ট্রেন, মেরামতির পর পরিষেবা শুরু হলেও কাটেনি পুরো দুর্ভোগ

ওয়েব ডেস্ক : বর্ষার টানা বৃষ্টিতে ফের সমস্যায় পড়ল উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। বৃহস্পতিবার ভোরে নিউ ফরাক্কা (New Farakka) স্টেশনের কাছাকাছি রেললাইনের নীচে মাটি বসে যাওয়ায় ব্যাহত হয় ট্রেন (Train) চলাচল। গুরুত্বপূর্ণ এই রেলপথে সমস্যার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। আচমকা পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন বহু যাত্রী।

রেল সূত্রে জানা গিয়েছে, ফরাক্কা ব্যারেজের কাছে আপ লাইনের একটি অংশে মাটি বসে যাওয়ার (Land Sline) বিষয়টি নজরে আসে। কয়েক দিনের লাগাতার বৃষ্টির জেরে লাইনের নীচের মাটি দুর্বল হয়ে পড়েছিল বলেই প্রাথমিক অনুমান। পরিস্থিতি বুঝে দ্রুত ওই অংশে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এরপর রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত জায়গায় মেরামতির কাজ শুরু করেন। রেলপথে এই সমস্যার সরাসরি প্রভাব পড়ে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনে। যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং দার্জিলিং মেল-সহ বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে যায়। কোথাও দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীদের অপেক্ষা করতে হয়। পরিস্থিতি সামাল দিতে কেউ কেউ ট্রেন থেকে নেমে বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেন বলেও জানা গিয়েছে।

আরও খবর : ৮ ঘণ্টা টাওয়ারের চূড়ায় ‘বাদশা’! মাংস-ভাত থেকে হেলিকপ্টার, একের পর এক দাবি, রাত সাড়ে ১১টায় সফল উদ্ধার

তবে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালিয়ে যায় রেল। ক্ষতিগ্রস্ত অংশ সারিয়ে তোলার পর ধাপে ধাপে ট্রেন চলাচল ফের শুরু করা হয়। কিন্তু একসঙ্গে সমস্ত পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি। পরিস্থিতি অনুযায়ী কিছু ট্রেনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং উত্তরবঙ্গের দিকে চলাচলকারী ট্রেনগুলির ক্ষেত্রে রেলের তরফে বিশেষ নজর রাখা হয়েছে।

নিউ ফরাক্কার ঘটনার পর আশপাশের রেলপথ নিয়েও সতর্ক হয়েছে রেল কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে লাইনের নীচের মাটি কোথাও দুর্বল হয়ে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রেলের ইঞ্জিনিয়ার ও রক্ষণাবেক্ষণকারী দল বিভিন্ন অংশ পরিদর্শন করছেন। নতুন করে কোথাও মাটি বসে যাওয়ার আশঙ্কা রয়েছে কি না, সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে।দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে নিউ ফরাক্কা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলপথ। তাই এই অংশে সামান্য সমস্যাতেও তার প্রভাব ছড়িয়ে পড়ে বহু দূর পর্যন্ত।

[youtube-feed feed=1]
Read More

Latest News