ওয়েব ডেস্ক : হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার দীপাবলি (Diwali) উদ্যাপনে অংশ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রশাসনিক কর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা। প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসবে শামিল হন ট্রাম্প। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাঁর হাতে হনুমান চালিশার একটি কপি তুলে দেওয়া।
ভারতীয় উদ্যোক্তা বিশাল গোন্ডল ট্রাম্পকে ওই ধর্মীয় গ্রন্থ উপহার দেন। তিনি স্বাস্থ্যপ্রযুক্তি সংস্থা জিওকিউআইআই-এর প্রতিষ্ঠাতা। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি ভাগ করে গোন্ডল জানান, ট্রাম্পের সঙ্গে দীপাবলি উদ্যাপন তাঁর কাছে বিশেষ মুহূর্ত। প্রদীপ জ্বালানোর সময় ভারত ও আমেরিকার বন্ধুত্ব আরও দৃঢ় হওয়ার প্রার্থনাও করেছেন তিনি।
আরও খবর : ট্রাম্পকে খুনের ছক? হোয়াইট হাউসের সামনেই অস্ত্র-সহ গ্রেপ্তার ভেনেজুয়েলার যুবক
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, বিশিষ্ট রাঁধুনি বিকাশ খান্না, আইবিএমের প্রধান অরবিন্দ কৃষ্ণ, মাইক্রনের প্রধান সঞ্জয় মেহরোত্রা, এফবিআই প্রধান কাশ প্যাটেল এবং মার্কিন জাতীয় স্বাস্থ্য সংস্থার অধিকর্তা জয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রাক্তন কানাডীয় সাংসদ রুবি ধাল্লাও। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-সহ প্রশাসনের আরও কয়েকজন কর্তা অনুষ্ঠানে যোগ দেন।
হোয়াইট হাউসে দীপাবলি পালনের রীতি অবশ্য নতুন নয়। ২০০৩ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে এই উদ্যাপনের সূচনা হয়। পরে ২০০৯ সালে বারাক ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রদীপ জ্বালান। তার পর থেকে বিভিন্ন সময়ে হোয়াইট হাউসের একাধিক জায়গায় দীপাবলি উদ্যাপনের আয়োজন হয়েছে। এ বার ওভাল অফিসে ট্রাম্পের উপস্থিতিতে সেই ঐতিহ্যই বজায় রইল।







