কলকাতা: রথযাত্রা (Rath Yatra 2026) উপলক্ষে রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রা কমিটিগুলির পাশে দাঁড়াল নবান্ন। ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্য বহনকারী প্রতিটি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উদ্দেশ্য, জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে আরও সুষ্ঠু ও সাড়ম্বরে আয়োজন করা।
নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন জেলায় যোগ্য কমিটিগুলিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। আগামী ১৩ জুলাই অনুমোদিত প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হতে পারে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত থেকে বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখতে পারেন বলেও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত।
আরও খবর : অন্নপূর্ণা যোজনার আবেদন গৃহীত না বাতিল? এবার অনলাইনে দেখুন স্টেটাস
উৎসবকে কেন্দ্র করে জেলা প্রশাসনকে একাধিক নির্দেশ দিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। রথযাত্রার রুট এবং ভক্তদের সমাগমস্থলে সেবা শিবির তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলার জন্য এই শিবির পরিচালনায় ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শিবিরে বিশুদ্ধ পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, তথ্য ও সহায়তা কেন্দ্রের পাশাপাশি প্রবীণ, মহিলা, শিশু এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। একই ব্যবস্থা উল্টোরথের দিনও বজায় রাখার নির্দেশ রয়েছে।
প্রশাসন জানিয়েছে, কোনও রথযাত্রা কমিটি ঐতিহাসিক গুরুত্ব, জনসমাগম বা উৎসবের পরিসরের নিরিখে অতিরিক্ত অনুদানের যোগ্য হলে জেলা প্রশাসন বিস্তারিত সুপারিশ পাঠাতে পারবে। পাশাপাশি পুলিশ, স্বাস্থ্য, দমকল, পূর্ত, পরিবহণ, পুরসভা ও পঞ্চায়েত-সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় বৈঠক করে নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
রথযাত্রা শেষে সরকারি বরাদ্দের ব্যবহার, গৃহীত পদক্ষেপ এবং কর্মসূচির পূর্ণাঙ্গ রিপোর্ট দ্রুত তথ্য ও সংস্কৃতি দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।







